
মুম্বাই ইন্ডিয়ান্সের পুরো বোলিং লাইনআপের বিপক্ষে তান্ডব চালিয়েছেন জয়সাওয়াল-বৈভব জুটি। মাত্র ৩০ বলে ৮০ রানের এই বিধ্বংসী উদ্বোধনী জুটির পেছনে দুইজনের বোঝাপড়াকে কৃতিত্ব দিলেন ম্যাচ সেরা জয়সওয়াল।
বৃষ্টির কারণে ১১ ওভারে নেমে আসা ম্যাচের প্রথম বলেই দীপক চাহারকে বাউন্ডারি মেরে ঝড়ো ব্যাটিংয়ের পূর্বাভাসই যেন দিচ্ছিলেন জয়সাওয়াল। প্রথম ওভারেই ২২ রান তুলে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে নিয়ে আসেন এই বাঁহাতি ব্যাটার।
৩২ বলে ৭৭ রানের ইনিংস খেলে রাজস্থানের ম্যাচ জয়ের নায়কও তিনি।
জয়সাওয়ালসহ ভারতের সব তরুণ প্রতিভাদের ছাপিয়ে এখন ভারতসহ ক্রিকেট বিশ্বে আলোচনার শীর্ষে বৈভব। মাত্র ১৫ বছর বয়সেই নিজের ব্যাটিং দিয়ে বিশ্বকে মুগ্ধ করছেন তিনি। মুম্বাইয়ের বিপক্ষে ১৪ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংস খেলে রাজস্থানের জয়ের ভিত গড়ে দেন।
বৈভবের সঙ্গে ব্যাটিং করাটাও দারুণ উপভোগ করছেন জয়সওয়াল।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বৈভবের সঙ্গে ব্যাট করার অভিজ্ঞতা নিয়ে জানতে চাওয়া হলে জয়সাওয়াল বলেন, সে যেভাবে খেলছে, তা অসাধারণ। তাকে দেখে আমিও অনুপ্রাণিত হই। আমরা আলোচনা করি কীভাবে এগোনো যায়, আর আমি তাকে সবসময় ইতিবাচক বার্তা দেই যেন সে স্বাধীনভাবে খেলতে পারে।
সে দারুণ একজন খেলোয়াড়, খেলাটা খুব ভালো বোঝে এবং নিজে থেকেই অনেক কিছু করতে সক্ষম।
সূত্র – বিডি প্রতিদিন